ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাক খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও৭ ব্যবসায়ী।

আজ (১২ আগস্ট) সোমবার সকাল ৬টার দিকে মানিকগঞ্জের জোকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রাম এলাকার দাউদ আলীর ছেলে উজুল আলী (৪০) ও একই এলাকার হাউজ আলীর ছেলে মনোয়ার হোসেন মানু (২৫)।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন উদ-দৌলা বলেন, আজ ভোরে গাবতলী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জোকা এলাকায় খাদে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় দুই গরু ব্যবসায়ী নিহত হন। এছাড়া আহত হন আরও৭ জন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যক্তিদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইয়ামিন উদ দৌলা।

এমবি