পিজিসিবির লোড ডেসপাচ নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, ‘ভারত থেকে যে গ্রিডের মাধ্যমে আমাদের দেশে বিদ্যুৎ আমদানি করা হতো, সেই গ্রিডে সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে ইন্টার কানেকশন ফেজ পড়ে গেছে। এ কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।’
কখন নাগাদ বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণে পিজিসিবি কাজ করছে। তবে নির্দিষ্ট করে সময় বলা না গেলেও রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।’
বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে, উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘জাতীয় গ্রিড ফেল করার কারণে এমনটি হয়েছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চলে এসেছে। সন্ধ্যার মধ্যে সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী। ’
বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সঞ্চালন লাইনে ত্রুটির কারণে সকাল সাড়ে ১১টা থেকে সারা দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে শত চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী বলেন, ‘সঞ্চালন লাইনের ত্রুটিগুলো আমরা খুঁজে দেখছি। আমাদের দল কাজ করে যাচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।
যদিও এর আগে সকাল পৌণে ১২টার দিকে তিনি বলেছিলেন, ‘ঘণ্টা খানেকের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।’
বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, ‘সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে ভেড়ামারাস্থ সাবস্টেশনে টেকনিক্যাল ক্রটি দেখা দিলে লাইন বিকল হয়ে যায়। এ সময় সারা দেশের সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউসকে এ কমিটির প্রধান করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিদ্যুৎ না থাকায় সারা দেশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে শিশু ও হাসপাতালের রোগীরা দুর্ভোগে আছেন। কারণ, অনেক উপজেলা হাসপাতালে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা ভালো নয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইন্টারনেট ব্যবস্থায়ও সমস্যা দেখা দিয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় শাহজালাল বিমানবন্দর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম চালু রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ সিলেট বিভাগে পিজিসিবির আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের শাহজিবাজারসহ কয়েকটি সাবস্টেশন সচল হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ পরিস্থিতি এরই মধ্যে স্বাভাবিক হয়েছে।
এসএইচ





