দেশব্যাপী সন্ত্রাস-সহিংসতা-মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ও এসএসপি পরীক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় যুবজোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই মানবন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় জাতীয় যুবজোটের কেন্দ্রিয় কমিটির সদস্য আবু নাছের মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সলিম উল্লা, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাকছুদের রহমান মানিক, সিপিবির সাধারণ সম্পাদক জাফর উল্লা বাহার, বাসদের কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক নেতা অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, নোয়াখালী নাগরিক কমিটির সভাপতি মিয়া মো. শাহজাহান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরু, গণজাগরণ মঞ্চের নোয়াখালী জেলা সংগঠক নাজমুস সাকিব পারভেজ, সেক্টর কমান্ডার্স ফোরামের এমরান মোহাম্মদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- দেশে হরতাল অবরোধের নামে একর পর এক নিরীহ মানুষ, অসহায় নারী ও শিশুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস সহিংসতায় মানুষের স্বাভাবিক চলাফেরার অধিকার হরণ করা হচ্ছে।

শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করে দেয় হচ্ছে। খেটে খাওয়া দিন মজুর ও মেহনতি শ্রমিকদের জীবন দুর্বিসহ ও পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। বক্তারা হরতাল অবরোধের নামে সন্ত্রাস সহিংসতাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এসএইচ