সাংবাদিকতা পেশার মধ্যে বিএনপি-জামায়াতের লোকজন ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার সচিবালয়ে ‘খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ সফর’ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাকির হোসেন বলেন, বিএনপি-জামায়াতের লোকজন সাংবাদিকতা পেশা নিয়ে এখানে আসছে। তাদের কোনো জ্ঞান-গরিমা নেই। হুট করে একটা লিখে দিলেই মনে হয় হয়ে গেল! আমরা এলাকায় দেখেছি সমস্ত বিএনপির, ছাত্রদলের, যুবদলের ছেলেরা এখন সাংবাদিকতা করে। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল না গেল এরা তা দেখে না

‘স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবার ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে হইচই করার মতো অবস্থা নেই।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনও বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে দুপুরের খাবার দেওয়ার উদ্যোগটি ভালো করে করা হচ্ছে। মিড-ডে মিল আমরা ১৬টি উপজেলায় পাইলটিং (পরীক্ষামূলকভাবে চালু) করেছি প্রোগ্রামটা। আমরা বাচ্চাদের খিচুড়ি খাওয়াবো। তিনদিন বিস্কুট, তিনদিন রান্না করা খাবার খাওয়াবো। ডিম, কলা ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তা-ভাবনা করছি। যাতে আমরা বাচ্চাদের কিছুটা হলেও পুষ্টি দিতে পারি। সুন্দর স্বাস্থ্যবান শিশু না হলে পড়াশোনায়ও মনোযোগ দিতে পারে না।

জাকির হোসেন বলেন, ‘১৯৪১ সালে কেরালায় স্কুলে মিড-ডে মিল চালু করেছে। আমি সেখানে দেখে এসে পাইলটিং করেছি। আমি যদি উকিল হই আমি কি সিনিয়রের কাছে শিখবো না?’ মিড-ডে মিলের বিশাল কর্মযজ্ঞ পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ডিপিপিতে সামান্য কিছু টাকা রাখা হয়েছে। যারা এই কর্ম পরিচালনা করবে, যেখানে দীর্ঘদিন থেকে এটা মিড-ডে মিল দেওয়া হচ্ছে, সেখানে কিছু শিক্ষা দেওয়ার জন্য। এটা কোনও খিচুড়ি পাক শিক্ষা নয় নয়। এটা ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য, কীভাবে করছে। এজন্য সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে।

এএস