নেত্রকোনায় আবদুল কদ্দুছ নামে (২৬) এক যুবককে হত্যার দায়ে ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার দূর্গাপুর উপজেলার দক্ষিণ নাওধারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে লুৎফর রহমান, মৃত আবদুল হাকিমের ছেলে নুরুল ইসলাম, আবদুল জব্বারের ছেলে রেনু মিয়া, আমির উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন, মৃত আমিত আলীর ছেলে আবু সাঈদ, মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আবদুল বারেক ও আবদুল জলিল, আবদুল খালেকের দুই ছেলে হায়দার আলী ও সেলিম, মফিজ উদ্দিনের ছেলে আ. জব্বার, আবুল হোসেনের ছেলে রমজান আলী, আবদুর রহমানের ছেলে মাহাদী ও ওসমানের ছেলে বিল্লাল হোসেন। রায় ঘোষণার সময় আবু সাঈত ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ জানান, ২০০৪ সালের ১৮ আগস্ট জেলার দূর্গাপুর উপজেলার উত্তর শংকপুর গ্রামের রহমত আলীর ছেলে কদ্দুছকে গোষ্ঠীগত দ্বন্দ্বে আসামিরা নাওধরা এলাকায় হত্যা করে। এ ঘটনায় মৃতের ভাই ওসমান গণি বাদী হয়ে ঘটনার পরদিন দূর্গাপুর থানায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ১৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন।

মামলার বাদী পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই