পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘রাস্তায় বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজটও নেই। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থেকে মানুষের যে ভোগান্তি—সে ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আশা করি, আগামী দুই দিনও সমস্যা হবে না।’

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন আইজিপি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে কোনো থ্রেট নেই, হুমকি নেই। তবে সব বিষয় মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা ও পরিবহনের নিরাপত্তা ঠিকমতো দিচ্ছি। কোথাও কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টির কোনো খবর পাওয়া যায়নি। নিরাপত্তার পাশাপাশি যানজটে পড়ে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সে ব্যবস্থা আমরা করেছি। রাস্তা কোথাও কোথাও অমসৃণ, সড়ক মন্ত্রণালয় যথেষ্ট কাজ করেছে। তারপরও কিছু কিছু জায়গায় অমসৃণ হওয়ার কারণে কোথাও কোথাও গাড়ি শ্লথ হয়ে যাচ্ছে।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ