সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার বেলা ১১টার দিকে পার্বত্য জেলা বান্দরবান শহরের কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে জেলার রেইছা এলাকা থেকে বান্দরবান বাজারে আসার সময় কসাইপাড়া এলাকায় অটোরিকশাটি উল্টে যায়।
এতে অটো যাত্রী থোয়াই সান নু মার্মা (৪৫) ও মো. আমিন (৫৫) নামে দু'জন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাবুল দাশ, সুইমা প্রু, মাছাই মার্মা ও রেদামা আহত হয়।
এ দিকে ঘটনার পর আহতদের দমকল কর্মীরা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে বাবুল দাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
এআর





