রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল স্বপদে ফেরার পরেই সাময়িক বরখাস্তের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্ততি নিচ্ছেন। যে মামলায় সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার আদালত থেকে তার নথিপত্র তুলেছেন বুলবুলের আইনজীবীরা। মঙ্গলবার ওই বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের ব্যক্তিগত সহকারি আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত যে চিঠির মাধ্যমে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা রাসিকের কর্মকর্তা তার কাছে পৌঁছে দিয়েছে। এ নিয়ে মেয়র বুলবুল আইনজীবীদের সঙ্গে কথা বলে আইনি লড়াই লড়বেন বলে সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে সোমবার রাজশাহীর আদালত থেকে মামলার নথিপত্র তোলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হবে বলে জানান তিনি।

রোববার দুপুরে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে স্বপদে ফেরেন মেয়র বুলবুল। এর কিছুক্ষণ পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের একটি আদেশ পেয়ে তিনি নগর ভবন থেকে বের হয়ে যান।

জারিফ