ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় সন্ধ্যা ৭টার পর ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
পরিচ্ছন্নতা বছর ২০১৬ উপলক্ষে সোমবার সকালে ডিএসসিসির চলমান জনসচেতনমূলক কার্যক্রমের অংশ হিসেবে র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি নগরবাসীকে সন্ধ্যা ৭টার পর নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানান।
রাজধানীর লালবাগে ডিএসসিসির ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসীর নেওয়া এ কর্মসূচিতে অংশ নেন মেয়র। এর আগে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একটি পরিচ্ছন্ন ও আলোকিত সুন্দর নগরী গড়ে তুলতে সবারই করপোরেশনের নেওয়া বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া দরকার।
মেয়র বলেন, সবাই সচেতন হলেই এ নগরী পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে। এ জন্য নগরবাসীর প্রত্যেকেই এক একজন মেয়রের ভূমিকা গ্রহণ করতে হবে। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর হুমায়ুন কবীর, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ।
এমএম





