ব্রিজের একটি পাটাতন সরে যাওয়ার কারণে সারা দেশের সঙ্গে লালমনিরহাটের তিন উপজেলার যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। বিকল্প সড়ক পথ দিয়ে কিছু যানবাহন চলাচল করছে।
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের আদিতমারী উপজেলার স্বর্ণামতি বেইলী ব্রিজে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদীর উপর নির্মিত মেয়াদোত্তীর্ণ স্বর্ণামতি বেইলী ব্রিজের পাটাতন সরে যাওয়ার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটের পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ রুটে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে বিকল্প পথ আদিতমারী- ভেলাবাড়ী-লালমনিরহাট সদর উপজেলার অপর একটি গ্রামীণ সড়ক দিয়ে কিছু যান চলাচল করছে।

এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম ইকবাল বলেন, খবর পাওয়ার পরে স্বর্ণামতি বেইলী ব্রিজে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট জেলা কর্মকর্তাদের জানানো হয়েছে।

লালমনিরহাট জেলার পানি উন্নয়ন বোর্ডে দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই