নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক তরুণ নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার কোনো পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২২ বছর।
নিহত ওই ব্যক্তিকে ছিনতাইকারী বলে দাবি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। বুধবার ভোরে উপজেলার পূর্বাচল ৯ নম্বর সেক্টরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাসেম।
র্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, উপজেলার পূর্বাচল এলাকায় প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ভোরে র্যাব সদস্যরা গাড়িতে করে ওই এলাকায় টহল দেয়ার সময় ছিনতাইকারীরা তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি করে।
একপর্যায়ে ছিনতাইকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সারোয়ার। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি বিদেশি পিস্তল উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব।
এমআর





