চুয়াডাঙ্গা রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে আজ (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে ব্যাগের ভেতর থেকে নবজাতক ছেলেশিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের রমেছা বেগম ও জয়রামপুর গ্রামের ইয়ারন নেছা জানান, তাঁরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে প্ল্যাটফর্মের উত্তর প্রান্তের একটি সিটের পেছনে থাকা একটি ব্যাগ থেকে শিশুর কান্না শুনতে পান। তাঁরা জিআরপি পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী চা দোকানি আবদুল কুদ্দুস জানান, তিনজন নারী ও একজন পুরুষকে ওই শিশুকে নিয়ে তিনি বসে থাকতে দেখেছেন। সকাল ১০টা থেকে বেঞ্চে বসে ছিলেন তাঁরা। দুপুর ১২টার দিকে ঢাকামুখী চিত্রা ট্রেনে উঠে তাঁরা চলে যান। এরপর বাজার করা ব্যাগের ভেতরে শিশুটিকে পাওয়া যায়।

শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক আসাদুর রহমান মালিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তিনি জানান, শিশুটির বয়স দুই দিনের মতো। তার সবকিছু স্বাভাবিক রয়েছে।

চুয়াডাঙ্গা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, শিশু উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধারের পর একজন পুলিশ সদস্যের স্ত্রীর কাছে রেখে বুকের দুধ খাওয়ানো হয়েছে। খবর পেয়ে অনেক দম্পতি শিশুটিকে লালনপালন করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দুপুরের পর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমবিএইচ