বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ২২ দেশের কোস্টগার্ড প্রধানসহ ৬৯ প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু ভবনের সামনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এ সময় প্রতিনিধি দল শ্রদ্ধা সহকারে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিদেশি এ প্রতিনিধিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তারা জাতির পিতার বিভিন্ন স্মৃতিবিজড়িত বিষয়গুলো ঘুরে দেখেন এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় অস্ট্রেলিয়া কোস্টগার্ডের প্রধান কমান্ডার পেটে লিভার উপস্থিত সাংবাদিকের বলেন, বাংলাদেশে আমার প্রথম সফর। তবে বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে আমাদের নিয়মিত কাজ করা হয়। আসলে পুরো বিশ্বের কোস্টগার্ডের জন্য একই চ্যালেঞ্জ থাকে। আমরা সবাই মিলেমিশে সেটা নিয়ে কাজ করছি। ধানমণ্ডি ৩২ জাদুঘর পরিদর্শন করতে পেরে আমি আনন্দিত।

অন্যদিকে জাপানের কোস্টগার্ডের কমান্ডার অ্যাডমিরাল সুচি উনামি বলেন, চুক্তিবদ্ধ সব দেশের সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কোস্টগার্ড অনেক দক্ষ ও প্রফেশনাল, তাদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আগামীতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করব।

প্রায় ১ ঘণ্টা বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে বিদেশি কোস্টগার্ডের প্রতিনিধিরা ফিরে যান। মূলত বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর তত্ত্বাবধানে ১৪তম হেডস অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস মিটিংয়ে অংশগ্রহণ করতে এসে জাতির জনকের জাদুঘর পরিদর্শন করেন তারা।  এএস