ফরিদপুর শহরের লক্ষ্মীপুরের ডকবস্তিতে পারিবারিক বিরোধ ঠেকাতে গিয়ে আজাদ শেখ নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, এলাকার বাচ্চু ও তার স্ত্রীর মধ্যে সকাল থেকেই ঝগড়া-বিবাদ চলছিল। বাচ্চুর পাশের বাড়ির আজাদ বিরোধ মীমাংসা করতে গেলে বাচ্চু রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এলাকাবাসী ঘটনাটি মাদক সংক্রান্ত বিষয়ে হয়েছে বলে দাবি করছে।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই অসীম মন্ডল জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
এমই





