নোয়াখালীর বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদার দাবিতে হামলা চালিয়েছে যুবলীগের ক্যাডাররা। রোববার বেলা ১২টার দিকে এ হামলা চালায় তারা।

এ হামলার প্রতিবাদে দলিল লেখকরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. হোসেন একটি দলিল নিয়ে রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারীর কাছে যান। এসময় স্থানীয় যুবলীগ ক্যাডার করিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সোহাগ জমি রেজিস্ট্রি করতে বাঁধা দেন।

সে বলেন, আমার বাড়ির সামনে রেজিস্ট্রি অফিস আমার সাথে কথা বলা ছাড়া জমি রেজিস্ট্রি হবেনা। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোসেনকে মারধর করেন সোহাগ।

এসময় সোহাগ দলিল লেখকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার প্রতিবাদে দলিল লেখকরা তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করেন।

বেগমগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি সামছু উদ্দিন সহেল জানান, প্রতিনিয়ত সন্ত্রাসীরা চাঁদার দাবি করে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ দলিল লেখকরা।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি আইনুল হক জানান, আমরা বিষয়টি শুনেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমকে