সিলেট নগরীর কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন ও হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে খেলাঘর নোয়াখালী জেলা কমিটি।
রাজনের খুনিদের অবিলম্বে গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে খেলাঘর নোয়াখালী জেলা কমিটির মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশ-মানবন্ধনে রাজনের খুনিদের জামিন নামঞ্জুর করা, সৌদি আরবে গ্রেফতারকৃত প্রধান খুনি কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং এই হত্যাকাণ্ডের বিচারকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও দাবি জানান বক্তারা।
খেলাঘর নোয়াখালী জেলা কমিটির সহ সভাপতি নেপাল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে সমাবেশ-মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য আশিষ সাহা, জেলা কমিটির সহ সভাপতি প্রবীর চক্রবর্ত্তী, সহ সাধারণ সম্পাদক রতন মিশ্র, সদস্য আবদুর রহমান, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম প্রমুখ।
এসএইচ





