ইন্টারনেটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানালেন বাংলা লেখার সফটওয়্যারের উদ্ভাবক ও তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে ‘আয়কর প্রদান বিষয়ে জনগণকে উদ্ধুদ্ধকরণ’ শীর্ষক সোশ্যালমিডিয়া সংলাপে তিনি এ দাবি জানান।

মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশে বর্তমানে ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অথচ ইন্টারনেটের গতি খুবই কম। তার ওপর ইন্টারনেটের ওপর এনবিআর ভ্যাট আদায় করছেন যা ডিজিটালাইজেশনের অন্যতম প্রধান অন্তরায়।

তিনি বলেন, ইন্টারনেটের দাম সহনীয় পর্যায়ে আনার পাশাপাশি এর ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে। ইন্টারনেটের ওপর ভ্যাট প্রত্যাহার করলে রাজস্ব আদায়ে খুব বেশি প্রভাব ফেলবে না।

আয়কর মেলায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় প্রসঙ্গে মোস্তফা জব্বার বলেন, মেলায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়। কেন হয়? এটা খুঁজে বের করা দরকার। কারণ একটাই, করদাতাদের মেলায় হয়রানি হতে হয় না বা কোন ঘুষ দিতে হয় না। আর এ থেকে প্ররিত্রাণের একটাই পথ, তা হলো কর আদায় প্রক্রিয়াকে ডিজিটাল করা।

এর পাশাপাশি তিনি সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও দফতরের কাজকর্ম ডিজিটালাইজেশন ও সোশ্যালমিডিয়ার আওতায় জবাবদিহিতার মুখোমখি করার দাবি জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় প্রথমবারের মতো এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, তথ্য ও যোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, এনবিআর সদস্য পারভেজ ইকবাল, এমটবের সাধারণ সম্পাদক নুরুল কবীর প্রমুখ।

সংলাপটি সোশ্যালমিডিয়া ইউটিউব’র https://www.youtube.com/watch?v=u0ZTeGeWgws এ লিংকে সরাসরি সম্প্রচার করা হয়।

কেএইচ