ময়মনসিংহের গফরগাঁয়ে পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) মারধর করে হাতকড়া পরিহিত অবস্থায় এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উস্থি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. রাসেলকে তল্লাশি করে পুলিশ একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম জানান, মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ স্থানীয় কান্দিপাড়া বাজারে অবস্থানরত উস্থি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. রাসেলের দেহ তল্লাশি করে। এ সময় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায় রাসেলের কাছ থেকে। পরে তাকে আটক করে মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসার সময় দলীয় নেতাকর্মীরা গতিরোধ করে তাকে ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উস্থি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. রাসেলকে অস্ত্রসহ স্থানীয় কান্দিপাড়া বাজার থেকে রাত ৮টার দিকে আটক করে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাবার সময় স্থানীয় ১০-১৫ জন নেতাকর্মী দু’টি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও আবুল কাসেমকে মারধর করে রাসেলকে নিয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা।
এএইচ





