ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ছয় ইন্টার্ন ডাক্তারের ওপর হামলা চালিয়েছে  অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে ১০টার দিকে তাদের ওপর এ হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ঢামেকের এইচএমও ডা. মমিনুল ইসলামের (৩০) সারা শরীরে বেদম পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। এ হামলায় ডা. ফজলে বারী ও বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী নুরুল ইসলামও ‍আহত হয়েছেন।
ডা. ফজলে বারী জানান, আমরা মেডিসিন ও সার্জারি বিভাগের ছয়জন ডাক্তার মিলে রাতে চাঁনখারপুলের সোহাগ হোটেলে খেতে যাই। খাওয়া শেষ করে ফেরার সময় ১০-১৫ জন অজ্ঞাতযুবক খেলার স্ট্যাম্প ও হকিস্টিক নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, দুর্বৃত্তরা আমাদের জিজ্ঞেস করে, আমরা ঢামেকের ইন্টার্ন ডাক্তার কিনা। উত্তরে হ্যাঁ বললে ওরা আমাদের বেধড়ক পেটাতে থাকে।
তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে এ ব্যাপারে কিছু বুঝতে পারছেন না বলে জানান ডা. বারী।
এ ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক।
[b]ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ
[/b]