প্রেম প্রস্তাবে প্রত্যাখাত হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার পর মংরে মারমা (১৩) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।
খাগড়াছড়ির মহালছড়িতে সোমবার (২৫ এপ্রিল) সকালে আয়না মারমা (১১) নামে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া ওই স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে একই এলাকার মংরে মারমা।
পরে প্রথমে মহালছড়ি ও খাগড়াছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মংরে মারমা। পরে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সেও খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আলম, সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ূন কবিরসহ স্থানীয়দের উপস্থিতিতে নিহতের সুরতহাল প্রতিবেদন করা হয়।
মহালছড়ি থানার ওসি সেমায়ূন কবির জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, মেয়ে হত্যার ঘটনায় মংরে মারমাকে আসামি করে আয়না মারমার বাবা মংহলাচাই মারমা হত্যা মামলা দায়ের করা করেছিলেন। কিন্তু একমাত্র আসামি মংরে মারমা মারা যাওয়ার এখন মামলার ফাইনাল প্রতিবেদন দাখিল করা হবে।
ওএফ





