করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জন।

একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫১৩ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, সিলেটে একজনএবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ দশমিক শূন্য ৭৯ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ০২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭৫ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১১৬ জন (৭৬ দশমিক ৬৪ শতাংশ) ও নারী এক হাজার ৫৫৯ জন (২৩ দশমিক শূন্য ৩৬ শতাংশ)।

এমবি