কিশোরগঞ্জ জেলা সদরের যসুদল ইউনিয়নে গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে বাবা আবু বকর সিদ্দিককে (৫০) ছুরিকাঘাত করে খুন করেছেন ছেলে সেলিম মিয়া (২২)।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ভবিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও ছেলের আলাদা সংসার রয়েছে। দুপুরে নিজেদের গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেলিম মিয়া ঘর থেকে ছুরি এনে বাবার পেটে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য আবু বকরের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ ঘটনায় তার স্বজনরা একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এআই