নোয়াখালীর চাটখিল উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হালিমাদিঘির পাড় এলাকার কুটুমঘর নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাটখিল বাজারের ব্যবসায়ী সিরাজুল উল্যাহ ওরফে জসিম (৪৫) ও তার স্ত্রী জেসমিন আক্তার (৩২)। তারা চাটখিল পৌরসভার সুন্দলপুর এলাকার বাসিন্দা।
গুরুতর আহত অটোরিকশাচালককে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটখিল থানার ওসি মো. সামছুদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে কুটুমবাড়ির সামনে চাটখিল-সোনাইমুড়ী সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পথে আরেক ব্যক্তি মারা যান। তারা দুজন স্বামী-স্ত্রী। ঘটনার পরই চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের ব্যবস্থা করে।





