সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকার যমুনা নদীর তীর থেকে ফারহানা নাজনীন (৫০) নামে এক মৎস্য কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ফারহানা নাজনীন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. হামীম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় ওই নারীর শরীরের অর্ধেকাংশ পানিতে এবং বাকি অংশ সিসি ব্লকের উপরে ছিল।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তার দেহের কিছু অংশ পানিতে ভাসলেও জুতা ও হ্যান্ডব্যাগ নদীর পাড়ে শুকনো জায়গায় পড়ে ছিল। লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এমআর





