রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দুই কর্মচারীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে এ ঘটনা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উপাধ্যক্ষ জিনাতুন নেসাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ট্রাস্টি বোর্ড।

শনিবার বিকালে বোর্ডের সদস্য ম. তামিম সাংবাদিকদের এ কথা জানান।

জানা গেছে, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ জানাতে গেলে জিনাতুন নেসা অভিভাবকদের কুরুচিপূর্ণ ইঙ্গিত করেন ও আপত্তিকর মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ৫ মে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে পাশের একটি নবনির্মিত ভবনে নিয়ে ভয় দেখিয়ে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থীর মা। এর আগে গত ৪ মে স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীও প্রতিষ্ঠানটির এক ক্যান্টিন বয়ের যৌন হয়রানির শিকার হন বলে অভিভাবকদের অভিযোগ রয়েছে।

৯ মে স্কুল কর্তৃপক্ষের কাছে এসব অভিযোগ করার পরও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টার দিকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এরপরই দুপুরের দিকে মৌখিকভাবে উপাধ্যক্ষ জিনাতুন নেসাকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় অভিযুক্ত দুই কর্মচারীকে বরখাস্ত করেন কর্তৃপক্ষ।

এমকে