বাংলাদেশের প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই নকশায় করা হবে বলে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একশো বছর পরেও জনগণ যাতে কবর দেখে বুঝতে পারে এটা একজন মুক্তিযোদ্ধার কবর। এজন্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে প্রতি কবরের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের জাতীয় নির্বাহী কাউন্সিলের জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

কিছু কিছু কারণে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, 'হাইকোর্টের রুলের কারণে আমরা তা পারছি না। আপনারা তো জানেন আদালত কি জিনিস।'

তিনি আরো জানান, দেশের যে সব স্থানে গণহত্যা চালানো হয়েছে সেসব জায়গায় একই নকশায় স্মৃতিস্তম্ভ করা হবে এবং যে সব স্থানে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে পাকিস্তানিদের পরাজিত করেছে সেসব স্থানে একই নকশায় স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে যাতে জনগন মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, নৌমন্ত্রী শাহজাহান খান প্রমুখ।

ইআর/এমআইএস