যশোরের শার্শা উপজেলার পল্লীতে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ বাবা। তার নাম ইসলাম (৭০)।

রবিবার বিকেল ৪টায় উপজেলার ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শার্শার ইছাপুর গ্রামের ইসলামের ছেলে রফিকুল (৩৫)। হঠাৎ করে রবিবার সকালে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে শার্শার বাঁগআচড়া বাজারে অবস্থিত একটি ক্লিনিকে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। ফোনে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয় বাবাকে। খবর পেয়ে তিনিও সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের যেন ছায়া নেমে এসেছে।

এমই