রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় খাদেমুল ইসলাম (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আব্দুল কুদ্দুস (৪৭) নামের আরেক কনস্টেবল।

গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার শিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার মৃত নেফাজ উদ্দিনের ছেলে। আহত আব্দুল কুদ্দুস বগুড়ার সোনাতলা এলাকার মৃত মোজা প্রামানিকের ছেলে। হতাহতরা চারঘাট মডেল থানায় দায়িত্বরত ছিলেন।

চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে মহাসড়কে পুলিশের একটি দল একটি ট্রাকে তল্লাশি চালাচ্ছিল। এ সময় পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পুলিশ সদস্যকে চাপা দেয় ট্রাকটি। ফলে ঘটনাস্থলেই মারা যান খাদেমুল ইসলাম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খাদেমুল ইসলামের লাশ উদ্ধার করে। পর ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়।

আহত আব্দুল কুদ্দুসকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে চাপা দেয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।