ফেনীতে ভুমিকম্পের কারনে পৌর এলাকার সুলতানপুর গ্রামে একটি চারতলা ভবন পার্শ্ববর্তী আরেকটি একটি ৫তলা ভবনের ওপর হেলে পড়েছে। ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও প্রশাসনের কর্মকর্তারা ভবনটি পরিদর্শণ করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হেলেপড়া ভবটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং ভবনে থাকা ৮টি পরিবারের সদস্যদের ভবন থেকে তাৎক্ষনিক ভাবে অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও পৌরসভার প্রকৌশলী ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ওই পাশাপাশি দুটি ভবন আমেরিকা প্রবাসী তোফায়েল আহম্মদের।
খবর পেয়ে ফেনীর জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, পুলিস সুপার মোঃ রেজাউল হক, ফেনী পৌরসভার প্যানেল মেয়র-১ আশ্রাফুল আলম গিটার, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল আজিজ, ফায়ার সার্ভিস, ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
ফেনী ফায়ার সার্ভিস অফিসার খোন্দকার সানাউল হক বলেন, খবর পেয়ে দ্রুত ছুটে এসে পুরো বাড়ী দেখেছি। ফেনী পৌরসভা ও প্রশাসনকে জানানো হয়েছে। উনারা পরিদর্শন করে ভবটিকে পরিত্যক্ত ঘোষণা করে ভাড়াটিয়াদের বাড়ী খালি করার নির্দেশ দিয়েছেন।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল আজিজ সুলতানপুরে একটি চারতলা ভবন অপর একটি ভবনের ওপর হেলে পড়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মোঃ রেজাউল হক বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভবন থেকে সরিয়ে নেয়া ভাড়াটিয়াদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
ফেনীর জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেন, খবর পেয়ে ছুটে এসেছি বিষয়টি সরজমিনে দেখার জন্য। ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সিদ্ধান্তনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এম আর





