কয়েকদিনের টানাবর্ষণে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের ২ স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। ভেসে গেছে পুকুর ও ফসলের ক্ষেত।

এলাকাবাসী জানান, গত ৪ দিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ফুলগাজীর মুহুরী নদীর ২টি স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে সদর ইউনিয়নের শ্রীপুর, গোসাইপুর, শালধর, নিলক্ষী, বিজয়পুর গ্রাম, দরবারপুর, মুন্সিরহাট ও পরশুরাম উপজেলার মোট ১৫টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

ভারত সীমান্তবর্তী ফুলগাজীর মুহুরী, সিলোনীয়া ও কহুয়া নদীর পানি বাড়তে থাকায় শনিবার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরউল্লাহ চৌধুরীর বাড়ির পাশে মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, বাঁধের ভেঙে যাওয়া ২ স্থান মেরামতের কাজ চলছে।

অপরদিকে, টানা বর্ষণে জেলার ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল পাঠন নগর,বাংলা বাজার, রাধানগর ও শান্তিরহাটের বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার তৈরি হয়ে রাস্তাঘাট ডুবে গেছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।  

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ