প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ফরমালিন ব্যবহারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে মন্তব্য করে বলেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, সরকার ফরমালিনসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কোন ধরনের কেমিক্যাল খাদ্যে ব্যবহার বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ব্যাপারে কাউকে কোন ধরনের ছাড় দেয়া হবে না।
তিনি আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমার হেলথ ডট কম’ আয়োজিত ‘ফরমালিন ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আমার হেলথের সম্পাদক ডা. অপূর্ব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের পরিচালক ড. আলেয়া মাওয়া বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন।
কামরুল ইসলাম বলেন, খাদ্যে ফরমালিন মেশানোর ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছিল। সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে মানুষের মধ্যে আতঙ্ক দূর হতে চলেছে।
তিনি বলেন, সরকারের ফরমালিন বিরোধী পদক্ষেপে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।
সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ফরমালিনবিরোধী আইন প্রণয়ন করলেই যথেষ্ট হবে না। এ আইনকে যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি ফরমালিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে।
দীন মো. নূরুল ইসলাম বলেন, ফরমালিন ব্যবহারের অপকারিতা সর্ম্পকে বর্তমানে দেশের মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে।
তিনি বলেন, ভেজাল প্রতিরোধে সরকারের পুলিশ বাহিনীর মাধ্যমে চালানো সাঁড়াশি অভিযান মানুষের মধ্যে ফরমালিন বিরোধী সচেতনতা তৈরিতে সহায়তা করেছে।
এ অভিয়ান শুরুর আগে মানুষের মধ্যে ভেজালবিরোধী সচেতনতা শূন্যের কোঠায় নেমে গিয়েছিল বলেও তিনি জানান।
বেনজির আহমেদ বলেন, আগামী বছর পুলিশ প্রশাসন দ্বিগুণ শক্তি নিয়ে ফরমালিনসহ খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে নামবে।
তিনি বলেন, খাদ্যে ফরমালিন ব্যবহার একটি ফৌজদারি অপরাধ। এ অপরাধ গণহত্যার শামিল।
তিনি আরো বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে খাদ্যকে বিষমুক্ত করা কঠিন কোন কাজ হবে না।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





