বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছে হোটেলটির কর্তৃপক্ষ। আজ সংবাদ সম্মেলন ডেকে তারা এমন কথা বলেছে।

ধর্ষকদের পক্ষ নিয়ে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে জনমনে এমন ক্ষোভের মধ্যেই সংবাদ সম্মেলন ডেকেছিল রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক শাহ আদনান হারুনসহ হোটেলের পক্ষ থেকে চার জন উপস্থিত ছিলেন। আদনান ঝালকাঠির সংসদ সদস্য বিএইচ হারুনের ছেলে।

রেইনট্রি হোটেলে বিনিয়োগকারী কোম্পানি হুমায়রা গ্রুপের জেনারেল ম্যানেজার রেজা গোলাম মোস্তফা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন। তবে তারা সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেছেন।

এদিকে গত এপ্রিলে চালু হওয়া হোটেলটির রেটিং পয়েন্ট ইতোমধ্যে পড়ে গেছে। ইন্টারনেট ব্যবহারকারীরা ভোট দিয়ে এর রেটিং ১.১ এ নামিয়ে দিয়েছে। ঘটনার আগে এর রেটিং ৫ এর মধ্যে ৪.৬ ছিলো।

সংবাদ সম্মেলনে হোটেল কর্তৃপক্ষ তাদের পূর্বের অবস্থানেরই কথাই পুনর্ব্যাক্ত করেছে। তারা দাবি করেন, ঘটনার রাতে তাদের কাছে ধর্ষণের কোন অভিযোগ করা হয়নি। গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে বলেন, ভিক্টিমরা ওই রাতে ধর্ষণ নিয়ে কোন অভিযোগ করেননি।

ধর্ষিতাদের অভিযোগ, তারা বার বার মিনতি জানানোর পরও হোটেলের কর্মচারীদের দিক থেকে কোন সাহায্য পাননি। এর জবাবে আজ সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের হোটেলের কক্ষ সাউন্ডপ্রুফ।

তারা বলেন, ২৮ মার্চ রাতে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি এমন কথা কখনোই বলা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে ও বিচারে প্রমাণ হবে।

সিসিটিভি ফুটেজ সম্পর্কে গোলাম মোস্তফা বলেন যে তারা আন্তর্জাতিক নিয়ম মেনে চলেন ও ৩০ দিনের বেশি পুরনো ফুটেজ মুছে ফেলেন।

এদিকে, হোটেলটিতে কোন ধরনের আর্থিক অনিয়ম খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দারা। হোটেলের কার্যক্রম শুরুর প্রথম মাস এপ্রিলেই আট লাখ টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে তারা।

আলোচিত এই ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে আহমেদ শাফাতসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাফাত তার বন্ধুর সাথে এখন রিমান্ডে রয়েছে। পুলিশ জানিয়েছে তারা ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে।

এমই