বুড়িগঙ্গা প্রথম সেতু (চীন-মৈত্রী) টোলমুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। ফলে মঙ্গলবার সকালে ইকুরিয়া ব্রিজ থেকে সৃষ্টি হয়েছে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে রাজধানী ঢাকা থেকে খুলনা, বরিশাল, মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জ রুটে চলাচল করা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সড়ক পরিবহন ঐক্য পরিষদের আহ্বায়ক এমদাদুল হক দাদন বলেন, ‘আগে এই সেতুতে অবৈধভাবে ১০ টাকা টোল আদায় করা হতো। পয়লা আগস্ট থেকে তা বাড়িয়ে করা হয় ৩০ টাকা। এই অবৈধ টোল আদায়ের প্রতিবাদে স্থানীয় ছয়টি সংগঠন এ ধর্মঘট পালন করছে।’
পরিষদের আহ্বায়ক কমিটি রবিবার সকাল থেকে ৩৬ ঘণ্টার এ আন্দোলনের ডাক দেয়।
‘৩৬ ঘণ্টার আন্দোলনেও যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে’- বলেন এমদাদুল হক দাদন।
অবরোধের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টায় পোস্তগোলা ব্রিজের ঢালে সমাবেশ হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সহ-সভাপতি ও বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদের উপদেষ্টা মো. আদম আলী দ্য রিপোর্টকে জানান, বুড়িগঙ্গা প্রথম সেতু করা হয়েছে ১৯৮৮ সালে। দ্বিতীয় সেতু হয়েছে ১৯৯৬ সালে। দুই বছর আগে দ্বিতীয় সেতুটি টোলমুক্ত করা হলেও প্রথম সেতুর টোল দিন দিন বৃদ্ধি করা হচ্ছে।
এএইচ





