‘গাছ নয়, আমাকে কাটুন,’ অভিনব এমন দাবিতে শরীরে গাছের পাতা জড়িয়ে মানববন্ধন আর গাছ নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। ‘গাছ নেই’, ‘বৃষ্টি নেই, ‘গাছ কাটি বৃষ্টি তাড়াই’, ‘উন্নয়নে সবুজের অঙ্গীকার চাই-পরিকল্পনায় চাই প্রকৃতির দায়’, ‘আমরা গাছের জন্য গাছ আমাদের জন্য’, সহ নানা ধরনের ফেস্টুন বুকে লাগিয়ে এই প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার রাজধানীর মিরপুরে পরিবেশ নিয়ে কাজ করা তারুণ্যের সংগঠন সবুজপাতার উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে ‘পরিবর্তন চাই’, ‘তরুপল্লব’, ‘গ্রীন মাইন্ড সোসাইটি’ সহ অন্যান্য পরিবেশবাদি সংগঠন অংশ নেয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থপতি ইকবাল হাবিব, প্রকৃতি লেখক মোকারম হোসেন, শহীদ সুরকার আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ, সভাপতি সবুজপাতার উদ্যোক্তা সাহেদ প্রমুখ।
এসময় ইকবাল হাবিব বলেন, “আমরা কোনো উন্নয়ন কাজের ঠিকাদারী পেলেই, আগে গাছ কেটে খরচে পয়সা তুলি। যদি অন্যন্য নীতিমালার মত উন্নয়ন কাজে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনের বিধান আমরা গাছের জন্য করতে পারি, তাহলেই কেবল ঠিকাদাররা গাছ না কেটে কিভাবে উন্নয়ন কাজ করা যাবে সে বিষয়ে ভাববে। তাই আমরা এ সংক্রান্ত আইনি সুরক্ষার কথা ভাবছি, গাছের জন্য।”
তিনি বলেন, “এভাবে র্নিবিচারে গাছ কাটা কোনো সভ্য সমাজে হতে পারে না। পুরো নগর যেন মরুভুমির মত দেখায়, গাছ না থাকলে নগরে উন্নয়ন আর সৌন্দর্যবধন কোনটাই সম্পন্ন হয় না।”
গত কয়েক মাস ধরেই মিরপুরে নানা অজুহাতে গাছ কেটে ফেলা হয়েছে প্রায় পাঁচ শতাধিক। এখনো গাছ কাটা চলছে। বিশ্বকাপ ক্রিকেট খেলার আগে থেকে শুরু হয়েছে গাছকাটা, কিন্তু একটিও গাছ সেখানে নতুন করে রোপিত হয়নি বলে অভিযোগ করা হয় প্রতিবাদকারীদের পক্ষ থেকে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]