দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সমবায়ী সংগঠনের সদস্য-কর্মীদের নিয়ে শনিবার (২ নভেম্বর) র্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।’এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে পৃথক বাণী দিয়েছেন।
সমবায় সমিতির নিবন্ধন বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।
সরকারি সূত্রে জানা গেছে, দেশে এই মুহূর্তে এক লাখ ৭৫ হাজার ৩৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় এক কোটি ৯৭ লাখ ৪ হাজার ৪৩২ সদস্য রয়েছেন। এসব সমবায়ের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮ লাখ ৮১ হাজার ৭০৪ জনের কর্মসংস্থান হয়েছে।
বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেরা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুর রহমান, ইউসিসিএ সভাপতি রুহুল আমীন, থানার ওসি তদন্ত মতিয়ার রহমান, ধানজুড়ি কো- অপারেটিভ এগ্রিকালচার সোসাইটির সভাপতি কেরোবিন হেমরম, সরকারি কলেজের উপাধ্যক্ষ অদিত্য কুমার অপু প্রমূখ।
মানিক/এম বিল্লাহ





