লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. রতন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নিহত ব্যক্তি সন্ত্রাসী ছিলেন।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ভৈরবনগর গ্রামের একটি ধানখেত থেকে হাত–পা বাঁধা অবস্থায় অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির মা রহিমা বেগম এসে লাশ শনাক্ত করেন।

রহিমা বেগম জানান, ১১ দিন আগে রতনকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নিহত রতন একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি এলাকায় নাছির বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

কেএইচ