ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। অহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (২০ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত যানবাহন বিকল হয়ে যাওয়ায় বেশ কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আহতরা সবাই শিক্ষানবিস সেনা সদস্য। তারা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বাসে করে ছুটি কাটাতে বাড়ি ফিরছিলেন।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোওয়ারী জানান, ভোরে সেনবাহিনীর সদস্যদের বহন করা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি রিজার্ভ বাস একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত ও ১০ সেনা সদস্য আহত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায় নি। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর যাত্রীবাহি বাসটি বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে প্রায় ১ ঘন্টার বেশি যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দির্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সকাল সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনা কবলিত যানবহন সড়িয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কাওছার/এমই





