বরগুনার আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলা পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী শুনানি শেষে এই নির্দেশ দেন।
এদিকে, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বহাল আছে। আগামী ১৩ অক্টোবর মামলার বিষয়ে পরবর্তী শুনানি হবে। তিনিই এই মামলার প্রধান সাক্ষী।
এর আগে আজ সকালে কারাগার থেকে ৭ আসামিকে আদালতে হাজির করা হয়। একই সময়ে পরিবারের সঙ্গে আদালতে হাজির হয় নিহত রিফাতের স্ত্রী মিন্নি ও আরিয়ান শ্রাবণ।
আদালতে শুনানির সময় ৬ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে আবেদন নামঞ্জুর করেন বিচারক।
এদিকে পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বাদীপক্ষের আপত্তি না থাকায় চার্জশিটে থাকা বাকি ৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একইসাথে মামলার পরবর্তী শুনানির তারিখ ৩ অক্টোবর ধার্য করেন আদালত।
উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে স্ত্রীর সামনে প্রকাশ্যে রামদা দিয়ে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করে একদল যুবক। রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা।
গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এই হত্যার ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ পরের দিন সকালে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেন। মিন্নি ছিলেন সেই মামলার ১ নম্বর সাক্ষী। পরে ১৬ জুলাই রাতে এই মামলায় তাঁকে গ্রেফতার দেখায় পুলিশ।
এমবি





