ঝালকাঠির রাজাপুরের বাইপাস এলাকায় এসে নিজের পরিচয় গোপনকারি প্রতারক মো. বেল্লাল হোসেনের নিখোঁজ নাটক ফাঁস হয়েছে। গত দুইদিন আগে ঝালকাঠির রাজাপুরে ভারত থেকে বাবা মায়ের খোঁজে আসা বেলালের প্রকৃত পরিচয় পাওয়া গেছে। তবে সে একজন প্রতারক।
মানুষের মানবিকতার সুযোগ নিয়ে দীর্ঘ দিন যাবত অভিনব কায়দায় প্রতারণা করে আসছে সে। তার বাবা জসিম উদ্দিন ও মা সেলিনা বেগম চট্টগ্রামের পাঁচলাইশ থানার চক বাজার এলাকায় বসবাস করেন। তার বাবা-মা স্থানীয় গ্রান্ড গার্মেন্টসে চাকরি করেন।
তাদের গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বনগাঁও গ্রামে। বাবা-মায়ের কাছ থেকে পালিয়ে সে দেশের বিভিন্নস্থানে গিয়ে প্রতারণা করে আসছে।
বেলাল ভারত থেকে পালিয়ে দেশে এসে বাবা মায়ের সন্ধানের নামে নিজের বানানো গল্প সাজিয়ে সে ঝালকাঠির রাজাপুরে এক সবজি ব্যবসায়ীর কাছে আশ্রয় নেয়।
এরপর স্থানীয় সংবাদকর্মীরা বেলালকে নিয়ে সংবাদ প্রকাশ করে। এ সংবাদ নজরে আসলে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দৈনিক পূর্বকোণ পত্রিকার সাংবাদিক শাহজাহান কবির সাজু রাজাপুর থানায় যোগাযোগ করেন। বেরিয়ে আসে তার অভিনব প্রতারণা। এরপর রাজাপুর থানা পুলিশ বেলালকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।
পুলিশ জানায়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আওয়ামী লীগ নেতা বাহার মিয়া বেলালকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে বেলাল প্রায় একমাস অবস্থান করার পরে সে ওই আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে পনের হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সেই সময়ও বেলালকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এরপর একইভাবে যশোরেও সে প্রতারণার আশ্রয় নেয়। পরে জিজ্ঞাসাবাদে বেলাল তার প্রতারণার কথা স্বীকার করে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ‘বেলাল এখন আমাদের হেফাজতে রয়েছে। তার প্রতারণার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তার বাবা মায়ের সাথেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এরপর তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
এমএনজে





