ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় ১০০ যানবাহন নিয়ে আটকে রয়েছে সাতটি ফেরি। আর ফেরি পারের অপেক্ষায় দুই পারের ঘাটে আছে ছোট-বড় কয়েকশ যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, সোমবার রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। একপর্যায়ে ফেরিতে থাকা বিকন বাতিও পথ দেখাতে পারেনি।

ফলে নৌ চলাচলে ঝুঁকি এড়াতে রাত পৌনে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হবে।

এমবি