বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অষ্টম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত করা না হলে একযোগে ২৬ হাজার ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) ও শিক্ষক কর্মচারী সংগ্রামী ঐক্য জোট।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার প্রতীকি অনশনে এ দাবি জানান সংগঠন দুটির নেতারা।

অনশন কর্মসূচিতে শিক্ষক নেতারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, গত জুলাই মাস থেকেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তি, তাদের চাকরি জাতীয়করণ, স্বীকৃতি প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভূক্তি, চাকরির বয়সসীমা ৬৫ বছরকরণ ও ঈদুল আযহার পূর্বেই ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে উৎসব ভাতা দিতে হবে।

তারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না হলে এবং এতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অন্তর্ভূক্ত করা না হলে পরের দিন থেকেই বেসরকারি ২৬ হাজার ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে তালা ঝুলিয়ে একই জায়গায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় শিক্ষকরা এবিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সমিতির সভাপতি ও ঐক্য জোটের সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির মহাসচিব মো. রিয়াজ উদ্দীন, সিনিয়র সহসভাপতি মীর আব্দুল মালেক, যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সচিব মো. হোসনি মোবারক, অর্থসচিব মো. আবুল বাশার বাদশাসহ আরো অনেকে।

কেএইচ