বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে রিটানিং অফিসারের কার্যালয়ে এসে গ্রেফতার হলেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২৮ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান। তার প্রার্থীতাও বাতিল করা হয়। যদিও প্রার্থী নিজে জানিয়েছেন, তার নামে কোন মামলা নেই।

জানা যায়, প্রার্থী মো: সাঈদুর রহমান (সাঈদ) শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁও এর বাসিন্দা। তার পিতা মরহুম হাছেন মোড়ল ও মাতা মরহুমা মাজেদা বেগম। ২৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার জন্য তিনি মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার ছিল বাছাইয়ের তারিখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাছাই এর চূড়ান্ত পর্বে যখন সব কিছু ঠিক ঠাক তখন একজন পুলিশ অফিসারের মৌখিক কথার ভিত্তিতে তার বিরুদ্ধে ফোজদারী মামলা আছে বলার পর রিটার্নিং অফিসার তার প্রার্থীতা বাতিল করে দেন। এরপর বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা সিটি উত্তরের রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি সাব্বির হাসান সাংবাদিকদের জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তবে আটক কাউন্সিলর প্রার্থী সাইদুর তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে কোন মামলা নেই।

প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করবেন উল্লেখ করে সাইদুর রহমানের আইনজীবী এডভোকেট ড. গোলাম রহমান জানান, প্রার্থীতা বাতিলের পর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তিনি বলেন, কোন ধরনের গ্রেফতারী পরওয়ানা ছাড়াই এভাবে একজন প্রার্থীকে গ্রেফতার করা দু:খজনক।

পারিবারিক সুত্রে জানা যায়, দুই দিন আগে পুলিশ তাদের বাসায় তল্লাশী চালায়। এ সময় সাইদুর রহমান বাসায়ই ছিলেন। মামলার বিষয়ে পুলিশ সে সময় তাদের কিছুই জানায় নি। তারা বলছেন, উদ্দেশ্যমূলকভাবে সাইদুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে প্রার্থীদের বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের গ্রেফতার আতঙ্কে নির্বাচনী এলাকায় যেতে পারছেন না ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা। আত্মগোপনে থেকেই তাদের প্রচারণা চালাতে হচ্ছে। সংশ্লিষ্টদের অভিযোগ, মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে তাদের বাসায় হানা দিচ্ছে পুলিশ। তাদের অবস্থান জানার জন্য পরিবারের সদস্যদেরও চাপ দেয়া হচ্ছে। এ অবস্থায় নির্বাচনে সব প্রার্থীর সমান সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এআই/জেডআই