জেলার সরিষাবাড়ীতে পিকআপভ্যান চাপায় নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় ভ্যানচালক মতিউর (৪০), জয়গন বেওয়া (৭০) ও জয়নব বেওয়াকে (৭৩) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের বিধবা নুরজাহান বেগম, জয়গন বেওয়া ও জয়নব বেওয়া নিজ বাড়ি থেকে রিকশাভ্যানে করে ভাটারা কৃষিব্যাংকে রওনা হন।

পথিমধ্যে মহিষাবাদুরিয়া ফরহাদ চেয়ারম্যান বাড়ির মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৬৮৪০) তাদের বহনকারী রিকশাভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান যাত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যান ও আহত হন অপর তিনজন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিলাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে