নেশার টাকা না পেয়ে যশোরের বেনাপোল পৌরসভার নামাজগ্রামের কবিতা বেগম (২৭) নামে এক মহিলার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারই মাদকাসক্ত স্বামী ফারুক (৪১)।
মাদকাসক্ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আলাদা বাড়ি করে এক সন্তানকে নিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছিলেন কবিতা।
কিন্তু সেখানেও শান্তিতে থাকার কোনো উপায় নেই। বুধবার সকালে এ ঘটনা ঘটে, উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন কবিতা বেগম।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পোর্ট-থানা পুলিশ। মাদকাসক্ত স্বামী ফারুকের বাড়ি বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামে। কবিতা বেগমের পিতার বাড়ি বেনাপোল পৌরসভার নামাজগ্রামে।
এ বিষয়ে কবিতা বেগম আমাদের প্রতিনিধিকে জানান, প্রায়ই নেশার টাকার জন্য তার স্বামী তাকে মারধর করতেন। সংসারের কোনো খোঁজ-খবর রাখতেন না। এর ওপর আরেকটি বিয়ে করায় স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি।
এরপর স্থানীয় একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ নেন তিনি। এভাবে টাকা জমিয়ে বছর দুই আগে দুই কাঠা জমি কিনে ছোট্ট একটি ঘর তৈরি করেন কবিতা। সেখানেই সন্তানকে নিয়ে থাকেন তিনি। কিন্তু এখানেও নিস্তার নেই।
প্রায়ই তার স্বামী এ বাড়িতে এসে নেশার টাকা চাইতেন। না দিলে মারধরও করতেন। বাধ্য হয়ে তিনি কিছু টাকা দিতেন। এর ধারাবাহিকতায় বুধবার সকালে তার স্বামী বাড়িতে এসে আবারো নেশার জন্য পাঁচশ’ টাকা দাবি করেন।
কিন্তু তিনি টাকা দিতে না চাইলে তাকে মারধর করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান মাদকাসক্ত স্বামী ফারুক। এতে তার ঘরের সবকিছু পুড়ে গেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, থানায় বুধবার দুপুরে এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসএইচ





