আম্পানের প্রভাবে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। গতকাল রাতেও বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করেছেন। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করা হবে।’

এনামুল হক শামীম বলেন, ‘করোনাভাইরাস দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমরা যখন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, তখন আরেকটা দুর্যোগ (আম্পান) চলে এসেছে। এটা প্রাকৃতিক দুর্যোগ, এতে কারো হাত নেই। এটা আমরা ঠেকাতে পারব না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জানমাল রক্ষার জন্য যতটুকু বিশেষ ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা আমরা নিয়ে যাচ্ছি। আর অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের ঘূর্ণিঝড়টা অনেক শক্তিশালী ছিল। যে কারণে অনেক এলাকায় বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

উপমন্ত্রী আরো বলেন,‘পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৬ হাজার ৬০০ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে উপকূল এলাকায় রয়েছে পাঁচ হাজার ৭৯৭ কিলোমিটার। ডুবন্ত বাঁধ রয়েছে আড়াই হাজার কিলোমিটার। এসব বাঁধ অনেকটাই পুরোনো। সেসব বাঁধ প্রশস্ত ও উঁচু করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

তিনি বলেন, আমরা উপকূলীয় এলাকা বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের তালিকা তৈরি করেছি। এগুলো দ্রুত মেরামত করার কাজ শুরু করতে নিদের্শনা দিয়েছি।’

এএস