চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে পাকিস্তানী নাগরিকসহ আটক পাঁচজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
নগর গোয়েন্দা পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার তাদের আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জিজ্ঞাসাবাদ সেলের সদস্য প্রকৌশলী মো. হাছান চৌধুরী বলেন, আটক পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এখনো অনেক তথ্য পাওয়া বাকি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে আটক হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিএমপি কমিশনারের নির্দেশে রোববার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট যৌথ সেল গঠন করা হয়েছে। সেলের অন্যান্য সদস্যরা হলেন- নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মোহাম্মদ শহীদুল্লাহ, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. হাছান চৌধুরী ও সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মো. আব্দুর রউফ, সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ, সিটি স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক রফিকুল ইসলাম এবং নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ।
গত রোববার দুপুরে নগরীর খুলশি থানার জিইসি মোড় এলাকায় হোটেল লর্ডস ইন থেকে সৌদি পাসপোর্টধারী ও পাকিস্তানী নাগরিকসহ পাঁচজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়া পাঁচজন হল- পাকিস্তানের করাচীর বাসিন্দা মোহাম্মদ আলম (৪৫), মোহাম্মদ আমিন (৫০), আব্দুল মজিদ (৩০), ছালামত উল্লাহ (৪৫) এবং শফিউল্লাহ (৪০)।
জেআই





