দেশের দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের তিনজন জলদস্যু, আর বাকি দুইজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার ( ৬ মে) সকালে এবং রবিবার (৫ মে) গভীর রাতে বন্দুকযুদ্ধের ঘটনা দুটি ঘটে।

বাগেরহাট :

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রানা বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে। সোমবার ( ৬ মে) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে। নিহত তিন বনদস্যুর পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে বনদস্যুরা অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় বনদস্যুরা র‌্যাবের উপর গুলি বর্ষণ করে। একপর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি করে আহত অবস্থায় ৩ বনদস্যুকে উদ্ধার করে মোংলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, একটি নৌকা ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কক্সবাজার :

জেলার টেকনাফ উপজেলার হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৫ মে) রাত ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাঁচা মিয়ার ছেলে মুহাম্মদ আলম (৩৫) ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মুহাম্মদ রফিক (২০)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা কারবারি রোহিঙ্গা আলম ও রফিককে রবিবার সন্ধ্যায় আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ২টার দিকে লেদা ক্যাম্প এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতদের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবাকারবারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিক ও আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও মাদক বিক্রির ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।

এসএম