বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং র‌্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টা থেকে গোয়েন্দা পুলিশের ডগ স্কোয়াড এবং র‌্যাবের ডগ স্কোয়াড পুরো উদ্যানে টহল দেয়। উদ্যানের সব প্রবেশ মুখে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও রয়েছে একাধিক গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্যদের নজরদারি। নিরাপত্তার স্বার্থে উদ্যান এবং এর আশপাশের অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।
নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আমরা এ এলাকার অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করেছি।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য। র‌্যাব সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনী।
ডিএমপি সূত্রে জানা গেছে, যে কোনো ধরনের নাশকতা রোধে ডিএমপির পক্ষ থেকে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশও।
সার্বক্ষণিক নজরদারি করবেন সাদা পোশাকের পুলিশ সদস্যরা।
[b]ঢাকা, এমআর, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]