চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হত্যা যজ্ঞ চলছে। সে দেশে মানবতার বিপর্যয় চরমে। একজন বিবেকবান মুসলমান হিসেবে আমাদের প্রতিবাদ করা উচিত।

কোন সামরিক জান্তা নয়, শান্তিতে নোবেল বিজয়ী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সং সুচির নেতৃত্বে পরিচালিত মিয়ানমারের প্রশাসনই এ অমানবিক, পৈশাসিক হত্যা ও নির্যাতনের হোতা।

তিনি আজ ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন নুর আহমদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতন নিপীড়নের প্রতিবাদের আয়োজিত  মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

শাহাদাদ আরো বলেন,মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার দায়ে শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সুচির নোবেল প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং অনতিবিলম্বে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা খাদ্য, চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারসহ প্রতিবেশী রাষ্ট্রের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করে বাসস্থান ও জীবনের নিরাপত্তা বিধান করতে হবে।

মানববন্ধনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এক সময়ের স্বাধীন ও ঐতিহ্যশালী আরাকান অঞ্চলে রাখাইন মুসলিমদের উপর মিয়ানমারের সরকারী বাহিনীর ছত্রছায়ায় পরিচালিত এমন পাশবিক হত্যা ও নিমূল অভিযানে প্রতিটি বিবেকবান মানুষ আজ স্তম্ভিত। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে বাড়িঘরে অগ্নি সংযোগ করে তাদের ভিটা মাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে গিয়ে পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপদে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে কুটনৈতিক উদ্যোগ নিতে হবে। তিনি অবিলম্বে এ হত্যা কান্ড বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বিবেকবান বিশ্ব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

মাসুম/এআই