রাজশাহীর মোহনপুর উপজেলায় অপহরণের ছয়দিন পর ড্রেন থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুর নাম ফজলে হোসেন রাব্বী। তার বয়স দশ বছর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার বেড়াবাড়ি গ্রামের ডাইনপাড়ার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, অপহরণের ঘটনাটি থানায় জানানোর পর বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ড্রেন থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এর আগে গত ২৪ ডিসেম্বর এ ঘটনায় জড়িত বেড়াবাড়ি গ্রামের আমিনুল হোসেন (৩০), শাহাবুদ্দিন (২৮) ও পবার বাগধানী গ্রামের জাহাঙ্গীর হোসেনকে (২৮) আটক করা হয়। কিন্তু তারা এ বিষয়ে মুখ না খুললে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

রোববার তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে বলে পুলিশ জানায়।

নিহত রাব্বীর বাবা আলী হোসেন জানান, গত ২০ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল রাব্বী। পরদিন ২২ ডিসেম্বর দুপুরে রাব্বীকে অপহরণের বিষয়টি জানিয়ে আমিনুল মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় মোহনপুর থানায় আমিনুল এবং তার সহযোগী শাহাবুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

ইআর